মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-তে ২৯ এপ্রিল ২০২৬ তারিখে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের আয়োজনে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা BRAC-এর সহযোগিতায় ‘মানবিক সচেতনতায় যুব প্রতিনিধিদের ভূমিকা: মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এ অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ অফিসের সহযোগী পরিচালক মো. মাসুদ রানা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, মানবপাচার ও অবৈধভাবে সীমান্ত অতিক্রম বর্তমান সময়ের এক ভয়াবহ সংকট। ভুল তথ্যের প্ররোচনায় পড়ে তরুণরা যেন নিজেদের জীবন ঝুঁকিতে না ফেলে, সে বিষয়ে সচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা সঠিক তথ্য জেনে পরিবার ও সমাজকে সচেতন করতে পারলে এই অপরাধ প্রতিরোধ সম্ভব।
সভায় বক্তারা বলেন, মানবপাচার প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। এ সময় শিক্ষার্থীদের সামনে মানবপাচারের ঝুঁকি, নিরাপদ অভিবাসন প্রক্রিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
উল্লেখ্য, BRAC-এর ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যতে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।