বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে— এমন মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।

তিনি শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, সমস্যা সমাধানের মানসিকতা এবং গবেষণাভিত্তিক শিক্ষার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আজ শনিবার, ০৯ মে ২০২৬, সকাল ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত “Competitive Programming and Career Guideline Session”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইট্রনের ম্যানেজার এমদাদুল হক তারেক। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বর্তমান চাকরির বাজার, তথ্যপ্রযুক্তি খাতের চাহিদা, স্কিল ডেভেলপমেন্ট এবং অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রতিযোগিতামূলক প্রোগ্রামার রাশেদ রায়হান শুভ। তিনি প্রতিযোগিতামূলক প্রোগ্রামিংয়ে সফল হওয়ার কৌশল, ধারাবাহিক অনুশীলনের গুরুত্ব, টিমওয়ার্ক, ইন্টারভিউ প্রস্তুতি এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার বিভিন্ন বিষয় তুলে ধরেন। তাঁর বাস্তব অভিজ্ঞতাভিত্তিক আলোচনা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে।

অনুষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

সবশেষে সমাপনী বক্তব্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: মাহমুদুল হাসান উপস্থিত অতিথিবৃন্দ, বক্তা ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রোগ্রামিং সমস্যা সমাধান এবং প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।