আজ ২০ মে
২০২৬, সকাল ১১:০০ ঘটিকায় ইউনিভার্সিটি অব
ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ এর এডুকেশনাল টেকনোলজি এন্ড
ইঞ্জিনিয়ারিং (ইডিটিই) বিভাগের “গ্রাফিক্স এন্ড অ্যানিমেশন ল্যাব”-এর শুভ উদ্বোধন
অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ও প্রযুক্তির সমন্বয়, সৃজনশীলতার
বিকাশ এবং গবেষণামূলক উদ্ভাবনী কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রতিষ্ঠিত এই
আধুনিক ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের
মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক
ড. মোঃ আনোয়ার হোসেন ফলক উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে “গ্রাফিক্স এন্ড
অ্যানিমেশন ল্যাব”-এর উদ্বোধন করেন। এ সময় ইডিটিই বিভাগের চেয়ারম্যান মুনিরা আকতার
লতা, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা
এবং কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এডুকেশনাল
টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ রাব্বি খান এর সঞ্চালনায়
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা পবিত্র ধর্মগ্রন্থ পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন
করেন। অনুষ্ঠানে উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ইডিটিই বিভাগের সহকারী
অধ্যাপক মোঃ আশরাফুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে ল্যাব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের দক্ষতা
উন্নয়নে এ ল্যাবের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে
আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
শিক্ষার্থীদের
পক্ষে অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থী মাস্তুরা জাহান মারিয়া। তিনি ল্যাব
প্রতিষ্ঠায় আনন্দ প্রকাশ করে বলেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে।
বিভাগের
শিক্ষকবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ফারহানা ইসলাম। তিনি ভবিষ্যতে
শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আরও আধুনিক ল্যাব স্থাপনের প্রত্যাশা
ব্যক্ত করেন।
বিশেষ
অতিথির বক্তব্যে সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ল্যাবের যথাযথ
ব্যবহার এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া তিনি এই বিভাগের
শিক্ষার্থীদের শিক্ষাখাতে অবদান রাখার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান
অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ শিক্ষার্থীদের গবেষণা, ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং দক্ষতা অর্জনে
ল্যাবের কার্যকর ব্যবহারের আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের যত্নসহকারে ল্যাব
ব্যবহারে উৎসাহিত করেন এবং ভবিষ্যতে ধারাবাহিকভাবে আরও আধুনিক ল্যাব স্থাপনের
আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন ইডিটিই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মুনিরা আকতার লতা।
তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট
সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের আন্তরিক
ধন্যবাদ জানান। এছাড়াও বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও সম্মানিত শিক্ষকবৃন্দের
উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও সমৃদ্ধ করে তোলে।
দোয়া ও
নাস্তা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়