ইউএফটিবি-তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি ২০২৬) বাদ আছর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিলে দরুদ শরীফ পাঠ, ফাতেহা শরিফ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয় একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। উপস্থিত সকলে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন—আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এ শোক সইবার শক্তি দান করেন।
দোয়া মাহফিলে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের হল প্রভোস্ট, প্রক্টর, পরিচালক (শিক্ষার্থী কল্যাণ), বিভিন্ন অফিসের অফিসপ্রধান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।