ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এ উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘সাইবার স্পোর্টস কার্নিভাল ২০২৬’। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১.০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্নিভালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী।
বিশ্ববিদ্যালয়ের
সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগ এ কার্নিভালের আয়োজন করে। শিক্ষার্থীদের
মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, শারীরিক ও মানসিক বিকাশ, দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সম্প্রীতি ও
ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
‘Play Beyond
Limits: Win with Honor’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ
কার্নিভালে আধুনিক ও ঐতিহ্যবাহী খেলাধুলার সমন্বয়ে সাতটি ভিন্ন ইভেন্টে
প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হলো সাইবার সুপার লিগ (আন্তঃব্যাচ ফুটবল
টুর্নামেন্ট), ক্যারাম, লুডু, দাবা, ই-ফুটবল, ফ্রি ফায়ার এবং
কাপ স্ট্যাকিং।
সাইবার
সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জনাব রাকিব হোসেন এর সভাপতিত্বে
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী
বলেন, একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ বিকাশের জন্য
পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
খেলাধুলা শিক্ষার্থীদের শুধু শারীরিকভাবে সুস্থ রাখে না, বরং
তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ,
প্রতিযোগিতার ইতিবাচক মানসিকতা এবং দলগতভাবে কাজ করার দক্ষতা তৈরি
করে।
মাননীয়
উপাচার্য এ ধরনের আয়োজনের জন্য সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সংশ্লিষ্ট
শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সুস্থ, সৃজনশীল
ও ইতিবাচক সহশিক্ষা কার্যক্রমকে সবসময় উৎসাহিত করবে।
উদ্বোধনী
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাইবার সিকিউরিটি
ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী
শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।