সাইবার নিরাপত্তা বিষয়ে শীর্ষ ব্যবস্থাপকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী "বি-টপ সিএস প্রোগ্রাম - হাউ টু মেক টপ ম্যানেজমেন্ট অ্যাওয়ার অফ সাইবার সিকিউরিটি (টিএমএ)" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার বিকেলে সফলভাবে সম্পন্ন হয়েছে।
২১-২২ সেপ্টেম্বর, রবি ও সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই কর্মশালায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, জাইকা'র প্রকল্প সমন্বয়ক (প্রজেক্ট কো-অর্ডিনেটর) কাটসুকি নাহো এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুর রহমান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-এর যৌথ সহযোগিতায় ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ এই গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করেছে।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, এই কর্মশালার প্রধান উদ্দেশ্য ছিল শীর্ষ ব্যবস্থাপকদের কাছে সাইবার ঝুঁকির গুরুত্ব তুলে ধরা এবং তা মোকাবিলায় কার্যকর কৌশল সম্পর্কে অবহিত করা। তিনি এই প্রশিক্ষণ কর্মশালা থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে সাইবার নিরাপত্তা বিষয়ে আরও সচেতন হওয়ার জন্য প্রশিক্ষণার্থীদের অনুরোধ জানান।
কর্মশালার সমাপনী অধিবেশনে বক্তারা বলেন যে, এই ধরনের প্রশিক্ষণ দেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরা কর্মশালায় অর্জিত জ্ঞান তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।