অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়নে ইউএফটিবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
অফিস ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, পেশাগত উৎকর্ষ সাধন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-তে
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
"অফিস ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ও পেশাগত সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালাটি আজ বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ১২০১ নম্বর কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন এম. আমিনুর, উপদেষ্টা (উন্নয়ন ব্যবস্থাপনা) ও বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান ও আর্থিক ব্যবস্থাপনা বিভাগ, বিআইএম, ঢাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আইকিউএসি) জনাব সুমন সাহা।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, একটি আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য দক্ষ মানবসম্পদই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। অফিস ব্যবস্থাপনায় শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। দক্ষ ও পেশাগতভাবে সক্ষম কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমেই একটি প্রতিষ্ঠান টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে।
রিসোর্স পারসন এম. আমিনুর আধুনিক অফিস ব্যবস্থাপনা, যোগাযোগ দক্ষতা, ফাইল ও নথি ব্যবস্থাপনা, সময় ব্যবস্থাপনা এবং পেশাগত আচরণ বিষয়ে প্রেজেন্টেশন ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পান বলে আয়োজকরা জানান।
প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)।