২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) কেন্দ্রে ও উপকেন্দ্রে আজ ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকালে ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

এ বছর এ ইউনিটে মোট ৪০৯৫ জন পরীক্ষার্থী ইউএফটিবি-কে কেন্দ্র হিসেবে নির্বাচন করেন। তাদের মধ্যে ২৭৭৯ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন এবং ১৩১৬ জন অনুপস্থিত ছিলেন।পরীক্ষায় উপস্থিতির হার ৬৭.৮৬ শতাংশ। পরীক্ষা চলাকালে ইউএফটিবি-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক পরিবেশ ও কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন-সহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক ও চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, কোনো ধরনের ত্রুটি বা বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ কেন্দ্রে আজ জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

তিনি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবী শিক্ষার্থী, এলাকাবাসী, গাজীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকল সহযোগী প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।