প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা প্রদান এবং গবেষণামুখী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রতিষ্ঠিত “সফটওয়্যার আর্কিটেকচার অ্যান্ড সিস্টেম ডিজাইন ল্যাব” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।

বুধবার (৬ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এ ফিতা কাটা ও উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে অত্যাধুনিক এ ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের আধুনিক সুযোগ-সুবিধা শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনে আগ্রহী করে তুলবে। উন্নত সফটওয়্যার ডিজাইন ও সিস্টেম আর্কিটেকচারের জটিল বিষয়গুলো শিক্ষার্থীরা এখন হাতে-কলমে শিখতে পারবে, যা তাদের পেশাগত জীবনে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মো: মশিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: আহসান হাবীব।

বক্তারা তাঁদের বক্তব্যে ল্যাবটি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এর মাধ্যমে শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন