১৫ই জুন ২০২৬, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ-এর এডুকেশনাল টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং (ইডিটিই) বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী ডিজিটাল এক্সেসিবিলিটি ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। প্রযুক্তিকে সকলের জন্য সমানভাবে ব্যবহারযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক করে তোলার লক্ষ্যে এটুআই-এর ডিজএবিলিটি ইনোভেশন ল্যাব এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল এক্সেসিবিলিটি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, এক্সেসিবল ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও ডিজিটাল কনটেন্ট তৈরির ব্যবহারিক দক্ষতা অর্জন এবং প্রযুক্তি উদ্ভাবনে মানবকেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটানো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং সভাপতিত্ব করেন ইডিটিই বিভাগের চেয়ারম্যান মুনিরা আকতার লতা। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন এটুআই-এর প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মোহাঃ আব্দুর রফিক। এছাড়া, স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আশরাফুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইডিটিই বিভাগের প্রভাষক আল ফয়সাল কানন। অনুষ্ঠানে বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন এটুআই-এর এক্সেসিবিলিটি কনসালট্যান্ট ভাস্কর ভট্টাচার্য্য। তিনি আন্তর্জাতিক মানদণ্ড WCAG (Web Content Accessibility Guidelines) এবং Section 508 অনুসরণ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবহারবান্ধব ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ তৈরির বিভিন্ন কৌশল উপস্থাপন করেন। পাশাপাশি ডিজিটাল কনটেন্টের এক্সেসিবিলিটি নিশ্চিতকরণ, অন্তর্ভুক্তিমূলক ডিজাইন নীতি এবং ব্যবহারকারীকেন্দ্রিক প্রযুক্তি উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ ডিজিটাল অন্তর্ভুক্তি এবং প্রযুক্তির সর্বজনীন ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। উপাচার্য মহোদয় বলেন, প্রযুক্তির প্রকৃত সার্থকতা তখনই অর্জিত হয়, যখন তা সমাজের সকল মানুষের জন্য সমানভাবে সহজলভ্য ও ব্যবহারযোগ্য হয়। বর্তমান ডিজিটাল যুগে এক্সেসিবিলিটি নিশ্চিত করা শুধু একটি প্রযুক্তিগত বিষয় নয়, বরং এটি একটি সামাজিক দায়বদ্ধতা।

বিশেষ অতিথি আশা প্রকাশ করেন যে, আজকের এই তরুণ শিক্ষার্থীরাই ভবিষ্যতে এমন প্রযুক্তি উদ্ভাবনে নেতৃত্ব দেবেন, যা দেশের প্রতিটি নাগরিকের জন্য ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য, ব্যবহারবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে।

প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা ডিজিটাল এক্সেসিবিলিটি বাস্তবায়ন সংক্রান্ত তাদের অভিজ্ঞতা, মতামত এবং সুপারিশ তুলে ধরেন। তারা ভবিষ্যতে শিক্ষা, কর্মক্ষেত্র এবং জনসেবামূলক ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে আরও অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্বের কথা উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে ইডিটিই বিভাগের চেয়ারম্যান মুনিরা আকতার লতা আয়োজক প্রতিষ্ঠান, প্রশিক্ষক, শিক্ষকবৃন্দ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, এক্সেসিবল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রযুক্তিকে সকলের জন্য সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।