প্রযুক্তি উদ্ভাবনের বিশ্বমঞ্চে আবারও বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে *ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (UFTB)*।
আসন্ন ২৭-২৮ অক্টোবর ২০২৫ তারিখে মালয়েশিয়ার সাবাহ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে IEEE Region 10 Innovation Challenge 2025-এর ফাইনাল রাউন্ড, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ইউএফটিবি’র শিক্ষার্থীদের নিয়ে গঠিত দল ‘AutoPilot’।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রযুক্তি প্রতিযোগিতার এবারের মূল থিম ছিল
AI for Social Impact”, অর্থাৎ সমাজের কল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।
এই থিমের ওপর ভিত্তি করে ইউএফটিবি’র ‘AutoPilot’ দল তৈরি করেছে তাদের উদ্ভাবনী প্রকল্প ‘SmartTrafficAI’, যা একটি আধুনিক AI-চালিত স্মার্ট ট্রাফিক সিগনাল ম্যানেজমেন্ট সিস্টেম।
সিস্টেমটি স্বল্প ব্যয়ের ক্যামেরা দিয়ে যানবাহন শনাক্ত করে এবং Deep Reinforcement Learning (DRL) প্রযুক্তির মাধ্যমে ট্রাফিক সিগনালকে বুদ্ধিমত্তাপূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। এই উদ্ভাবন বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের মতো ব্যস্ত নগরীতে যানজট কমানো, জ্বালানি সাশ্রয়, সময়ের অপচয় রোধ এবং পরিবেশ দূষণ হ্রাসে বিপ্লব ঘটাতে পারে।
ফাইনালে পৌঁছানোর পথে দলটি অতিক্রম করেছে একাধিক প্রতিযোগিতামূলক ধাপ —
প্রথমে তারা IEEE Bangladesh Section Round-এ বিজয়ী হয় এবং পরে Region 10 Asia-Pacific Round-এ পোস্টার, ভিডিও ডকুমেন্টেশন ও লাইভ উপস্থাপনার মাধ্যমে আন্তর্জাতিক বিচারকদের মুগ্ধ করে সেরা ১০ দলের মধ্যে স্থান করে নেয়।
দলের সদস্যরা হলেন —
১। মোঃ তাসলিম আরিফ
২। আবু সালেহ মুহাম্মদ মুসা
(দুজনেই ইউএফটিবি-এর Internet of Things and Robotics Engineering প্রোগ্রামের মাস্টার্স শিক্ষার্থী)।
তাদের প্রজেক্ট অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন — মোঃ মশিউর রহমান, প্রভাষক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ।
এই অসাধারণ অর্জনে দলের সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন —
মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, এবং ইন্টারনেট অফ থিংস ও রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুমন সাহা।
উপাচার্য বলেন —
“ইউএফটিবি’র শিক্ষার্থীরা যখন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উড়ায়, তখন তা আমাদের জন্য গর্বের ও অনুপ্রেরণার বিষয়। এই অর্জন প্রমাণ করে যে ইউএফটিবি’র শিক্ষার্থীরা বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনী শক্তি নিয়ে দেশের নাম উজ্জ্বল করতে সক্ষম।”
দল ‘AutoPilot’-এর এই যাত্রা শুধুমাত্র প্রযুক্তিগত নয়, এটি এক অনুপ্রেরণার গল্প — যেখানে তরুণ উদ্ভাবকরা দেখিয়েছেন, স্বপ্ন থাকলে সীমাবদ্ধতা কোনো বাধা নয়।