আগামী ১৯
জুন ২০২৬ থেকে ২১ জুন ২০২৬ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয়
ক্যারম (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৬”। জাতীয় পর্যায়ের এই মর্যাদাপূর্ণ ক্রীড়া
আসরে অংশ নিতে যাচ্ছে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ
(ইউএফটিবি)-এর একটি শক্তিশালী ক্যারম দল।
প্রতিযোগিতায়
অংশগ্রহণ উপলক্ষে ইউএফটিবি ক্যারম দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজার সমন্বয়ে একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের মাননীয়
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ- এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মাননীয় উপাচার্য খেলোয়াড়দের শুভকামনা জানান এবং মেধা, দক্ষতা ও ক্রীড়া-চেতনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার
আহ্বান জানান।
তিনি
বলেন, ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক
বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের এ ধরনের
প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও
পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি
ইউএফটিবি ক্যারম দলের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা প্রদান করেন।
টুর্নামেন্টে
অংশগ্রহণকারী ইউএফটিবি ক্যারম দলটি ৪ জন ছাত্র ও ২ জন ছাত্রীসহ মোট ৬ জন সদস্য
নিয়ে গঠিত। দলের সার্বিক পরিচালনায় রয়েছেন ম্যানেজার জনাব মো: শারদ হাসান, পরিচালক (শিক্ষার্থী কল্যাণ) ও কোচ জনাব এস এম রাজিব হোসেন
(অ্যাডভাইজার, ইউএফটিবি স্পোর্টস ক্লাব)।